গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকার বাসিন্দা যাত্রী গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাহানা ফিলিং স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হন।
আহতদের রংপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
