দেশের ছয়টি সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক ব্যক্তিরা সিটি করপোরেশন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে সচল করতে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে, এতে জনগণের কাছে সেবা পৌঁছানো সহজ হবে এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না—এ বিষয়ে মন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে। তিনি আরও জানান, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়েছে সেগুলোতে আগে নির্বাচন আয়োজন করা হবে এবং ঢাকার আগে অন্য দুই সিটিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন, সড়ক মেরামতসহ নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এ জন্য তারা ৬০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
