আগামী ছয় মাসের মধ্যে দেশের ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার (১৬১২২)-এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবায় ঘুষ ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি কল সেন্টারের প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রান্তিক মানুষ সহজে ভূমি সেবা পেতে পারে। পাশাপাশি সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সেবা সম্প্রসারণ করে প্রতিদিন অন্তত দুই হাজার মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ভূমি-সংক্রান্ত অভিযোগ, আপত্তি ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
পরিদর্শন শেষে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র ও ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার নির্দেশনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
