মাগুরার শ্রীপুর উপজেলায় রাজনৈতিক আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় সংঘর্ষের সময় নারীসহ অন্তত ছয়জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী ও বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডল সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এরপর রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং দুটি লাটাগাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের ১০ জনকে আটক করে। আটকদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের স্থানীয় নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতোয়ার রহমান জানিয়েছেন, দ্রুত পুলিশ পৌঁছানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
