পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় গ্রহণ করেন। বিদায়ের সময় তিনি কিছুটা আবেগাপ্লুত ছিলেন।
মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা তাকে বিদায় জানান।
উপদেষ্টা বিদায় গ্রহণকালে উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।”
উপদেষ্টা থাকাকালীন কোনো আফসোস বা অপূর্ণতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভালো-মন্দ মিলিয়েই।”
বিদায়ের শেষে তিনি মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
