জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী প্রত্যেক ঘটনার “কড়ায়-গণ্ডায় হিসাব” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশটি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আয়োজন করা হয়।
ভোট কারচুপির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, “ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতিও করেছে। নির্বাচন ঘিরে যেসব বোনের ওপর আক্রমণ, পেটে লাথি, বোরকা টান, গুলিবিদ্ধ ঘটনা ঘটেছে—আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন বলা হতো যে আমরা নির্বাচন চাই না। কিন্তু আমরা চোখে-আঙুল দিয়ে দেখিয়েছি, আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। তাই এখন আর কোনো নয়ছয় চলবে না। জনগণ যে হ্যাঁ ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে হবে।”
নাসীরুদ্দীন জানান, নির্বাচনের পর ১১ দলীয় জোট আবারও জনগণের সামনে হাজির হয়েছে। বিরোধী দল হিসেবে তারা রাজপথে থেকে জনগণের ওপর নতুনভাবে চাপানো জুলুম প্রতিরোধ করবেন। তিনি ঢাকা-৮ আসনের এমপি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি পুনরায় তোলেন এবং দ্রুত বিচার বাস্তবায়নের আহ্বান জানান।
