নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় ও কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আসন্ন সরকার—এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ করবে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আবাসনের জন্য ইতোমধ্যে ৩৭টি বাড়ি বা ফ্ল্যাট প্রস্তুত রাখা হয়েছে। এসব বাসস্থান মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় অবস্থিত। প্রয়োজন দেখা দিলে আরও বাসা প্রস্তুতের উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।
এই ৩৭টি বাসস্থানের মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা যেসব বাড়িতে অবস্থান করছেন, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেন আদিলুর রহমান খান।
