ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সকালে জামিরুলের সমর্থকরা কালাম ও সালামের বাড়িতে হামলা চালালে আহত হন কয়েকজন। এরপর জামিরুলের সমর্থকদের পাল্টা হামলায় দিপু সমর্থক আকলিমা নামে একজন মহিলা আহত হন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারইহুদা গ্রামে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ সদস্য সোহেল রানা, নাসির মেম্বারের কর্মী কবিরসহ কয়েকজন আহত হন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তার সমর্থকদের ওপর হামলার ঘটনার ঠিকমতো ব্যবস্থা না নিয়ে উল্টো তার সমর্থকদের আটক করতে চেয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু অভিযোগ অস্বীকার করে বলেন, যারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
