আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক প্রাক-নির্বাচনী জরিপে জামায়াত ও বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও বিএনপি জোট খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয় পেতে পারে। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে ১০১টি আসন।
জরিপে আরও উল্লেখ করা হয়, অন্যান্য রাজনৈতিক দল পেতে পারে ১৯টি আসন এবং ৭৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গণভোটের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে জরিপে বলা হয়, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন ৮৯ দশমিক ৬০ শতাংশ ভোটার, আর ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন ৯ দশমিক ১০ শতাংশ ভোটার।
আইআইএলডি জানায়, দেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়।
