বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার গঠনের পর একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন। একই সঙ্গে সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং উচ্চকক্ষে ২০ শতাংশ নারী সদস্য নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে দলটির।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক বলেন, বিএনপি আগে থেকেই ৩১ দফার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিল, যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছরের মেয়াদ নির্ধারণ। এটি সংবিধানে নথিভুক্ত, যা বিএনপি গ্রহণ করে।
তিনি আরও বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এই প্রস্তাবগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে।
তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার ও নির্বাচন পদ্ধতির নিরাপত্তা জরুরি। নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষের আস্থার প্রতীক। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের মতো নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। তাই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায়।
