শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের অবস্থানের ফলে এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন।
এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা শুরু করলে পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করে ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে।
সংগঠনের দাবি, এ ঘটনায় তাদের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী, বিচার দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন নেতাকর্মীরা।
