ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ২০ হাজার কিলোমিটার নতুন খাল খনন করার উদ্যোগ নেবে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ঘোষণা দেন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি)।
তারেক বলেন, খাল খনন কর্মসূচি দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ কারণে তারা পুরো দেশজুড়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, এক বছর আগে নোয়াখালীতে যে বন্যা হয়েছিল, সেটি একটি সুইমিং পুলের মতো। যদি পানিকে সঠিকভাবে ধরে রাখা যেত, তাহলে তা দীর্ঘ সময় থাকা সম্ভব হতো। এজন্য খাল খননের প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি আরও বলেন, বর্তমান সময় আন্ডারগ্রাউন্ড ওয়াটারের স্তর ক্রমেই নিম্নমুখী হচ্ছে, যা রিচার্জ না করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক দূষণ একটি বড় সমস্যা। তাই খাল খননের মাধ্যমে পানি রিচার্জ করে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
তারেক রহমান জানান, তারা দেশের পানির সংকট ও বন্যা নিয়ন্ত্রণে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু করবে।
অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতারা ছাড়াও চীন, পাকিস্তান, ইউরোপীয় রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, ব্রিটেনসহ ৩৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক, সাংবাদিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন এতে।
