শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে চিঠি পাঠানো হবে।
সরকার আরও দাবি করেছে, এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি। তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে বলা হয়েছে, দেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।
সরকারের বিশ্বাস, নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
