ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনী জনসভা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে শীতল পাটি উপহার দেওয়া হয়। উপহার পেয়ে আবেগতাড়িত তিনি মঞ্চেই শীতল পাটি বিছিয়ে বিশ্রাম নেন।
এসময় তিনি দুইজন সনাতন ধর্মালম্বীকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন, যা জনসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
ডা. শফিকুর রহমান জনসভায় ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করতে যাওয়া হলে জনগণকে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তা প্রতিহত করতে হবে। তিনি উল্লেখ করেন, যদি মামলা হয়, তাহলে যেন তার নামেই মামলা করা হয়।
জামায়াত আমির আরও বলেন, তারা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে মা-বোনদের সুরক্ষা এবং সম্মান নিশ্চিত থাকবে। নারীরা যেন ঘরে, বাইরে, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ থাকতে পারেন, সেটাই তাদের লক্ষ্য। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না বলে জানান।
জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতা-কর্মীরা বিপুলসংখ্যায় উপস্থিত ছিলেন। সভাস্থল ও আশপাশে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
