শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ইনকিলাব মঞ্চের নেতারা। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে জড়ো হওয়ার পরিকল্পনা ছিল তাদের।
ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজ শেষে সেখানে সমবেত হলে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ ও গুলির ঘটনা ঘটে। এতে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।
আরেক বার্তায় সাময়িকভাবে কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসা শেষে তারা আবারও কর্মসূচিতে ফিরবেন এবং সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার অনুরোধ করা হয়।
