ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেওয়া নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র অভিমুখে যাত্রা করলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মিছিলটি যমুনার দিকে অগ্রসর হয়।
আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে। এ সময়ের মধ্যেই আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে সংগঠনের দাবি।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে একই দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।
