ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে ১০টি গরু লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় চালক ও হেলপার গুরুতর আহত হন। বৃহস্পতিবার (৭ মে) মহাসড়কের উপজেলার বালুজুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা করে। বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে ৮/১০ জনের একদল ডাকাত গরু বোঝায় ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি ডাকাত দলের নিয়ন্ত্রণে নেয়। ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ির সামনে নিয়ে তাদের একটি পিকআপে ১০টি গরু নিয়ে যায়। চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে চলে যায়।
ট্রাকের চালক আকরাম হোসেন বলেন, ভোর ৩ টার দিকে চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ এসে আমার গরু বহনকৃত ট্রাকটি ব্যারিকেড দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ফেলনা মোল্লা এলাকায় নিয়ে আমাকে ও আমার সহকারী দেলোয়ারকে গাছের সাথে বেঁধে তাদের পিকআপে গরুগুলো নিয়ে চলে যায়।
গরুর মালিক মো. রফিক বলেন, বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চালক আকরাম হোসেন রওনা করেন। গরু গুলো আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হাটে নিয়ে যাচ্ছিল। ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরু গুলো নিয়ে যায়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, গরুর মালিক খবর পেয়ে থানায় উপস্থিত হয়েছেন। ট্রাকের চালক ও হেলপারকে বিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
