প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, দেশের সামগ্রিক পরিবর্তন আনতে হলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন জরুরি। আর এজন্য শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৮ মে) সকালে গলাচিপা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রয়োজন। এ বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে যাতে পর্যায়ক্রমে শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাজুয়েশন সম্পন্ন না করলে কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। পাশাপাশি সরকারের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহে অন্তত একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
