স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আগামীকাল (শনিবার) যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পরবর্তী ফলো-আপ পরীক্ষা করাতে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
