ভারতের ওড়িশা রাজ্যের রাউরকেলা শহরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত নিজেরাই পুলিশকে ফোন করে উদ্ধার চেয়েছে দুই চোর। ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি দোতলা বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে দুই যুবক। সে সময় বাড়ির মালিকরা বাসায় ছিলেন না। সুযোগ বুঝে তারা আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ব্যাগে ভরে নেয়।
তবে ঘরের ভেতরে শব্দ শুনে সন্দেহ হয় পাশের এক প্রতিবেশীর। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে মুহূর্তেই বাড়ির চারপাশে জড়ো হয় উত্তেজিত জনতা।
পরিস্থিতি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে দুই চোর। বাইরে ক্ষুব্ধ মানুষের চিৎকার শুনে গণপিটুনির আশঙ্কায় তারা পুলিশের জরুরি নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার করার অনুরোধ জানায়।
খবর পেয়ে ভারতীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জনতার ভিড় সরিয়ে দুই চোরকে নিরাপদে উদ্ধার করে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বাড়ির মালিক থানায় মামলা দায়ের করলে দুই অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনির ভয়ে অপরাধীরা নিজেরাই পুলিশকে ডেকে সাহায্য চেয়েছে—এমন ঘটনা খুব কমই দেখা যায়।
