জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের বোঝা ও দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনা বেগম ওই এলাকার সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সংসারের অভাব দূর করতে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান শিপন মিয়া। পরে সেখানে গিয়ে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এর পর থেকেই পরিবারে নিয়মিত টাকা পাঠানো বন্ধ হয়ে যায়।
এদিকে ধারদেনার চাপ সামলাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন আমিনা বেগম। এ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই মোবাইল ফোনে বাকবিতণ্ডা হতো বলে জানান স্বজনরা। দীর্ঘদিনের মানসিক চাপ ও দাম্পত্য কলহের একপর্যায়ে বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি বলে পরিবারের দাবি।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
