নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলো-আপ চিকিৎসার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।
সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, যুক্তরাজ্যের কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার হৃদযন্ত্রের বাইপাস সার্জারি হয়েছিল। সেই অস্ত্রোপচারের পরবর্তী পর্যায়ের চিকিৎসা তদারকির অংশ হিসেবেই এই সফর হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানিয়েছে প্রেস উইং।
আজকের খবর/ এম.এস.এইচ
