রাজশাহীর দুর্গাপুরে কলেজে মারামারির ঘটনায় জড়িত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল। তিনি দাওকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কলেজটি জাতীয়করণ হলেও আলেয়া খাতুন হীরা এখনো এমপিওভুক্ত শিক্ষকদের আওতায় রয়েছেন। ঘটনার তদন্ত চলমান থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এই মারামারির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা বিএনপির এক কর্মীকে চড় মারছেন। অপরদিকে ওই কর্মীকেও শিক্ষিকাকে জুতা দিয়ে আঘাত করতে দেখা গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে ঘটনার পরদিন শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির কয়েকজন নেতা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানান।
