পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শুধুমাত্র পরীক্ষার হলে গিয়ে ভালো করার আশা করলে হবে না, সফলতার জন্য প্রয়োজন ধারাবাহিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রও পরিদর্শন করেন।
চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার অংশ হিসেবে এদিন শিক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে চাপ ও সংশয় থাকে। তাই তাদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্রে তিনি পরিদর্শন করছেন।
তিনি আরও বলেন, “ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত অধ্যয়ন, সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব নয়। আমরা চাই শিক্ষার্থীরা মেধাবী হয়ে দেশের সম্পদে পরিণত হোক।”
জেলা প্রশাসক জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পরীক্ষাব্যবস্থা আরও সুশৃঙ্খল ও নকলমুক্ত রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন তিনি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক বলেন, অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রস্তুতি অনুযায়ী স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।
