মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।
স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও সেটিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না।
তার ভাষায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে, তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।’
পরে অবশ্য সিরিয়াস ভঙ্গিতে তিনি বলেন, তিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে এসেছেন এবং এই ঝুঁকি তার কাজেরই অংশ।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজ করছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
এর আগে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।
এরপর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প দাবি করেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল।
তিনি ওই ব্যক্তিকে ‘সম্ভাব্য হত্যাকারী’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজনকে আটক করেন।
