কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে নৌবাহিনী এই নৌকা জব্দ করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক কাঠের নৌকা শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকাটি জব্দ করা হয়।
তল্লাশি করে নৌকা থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়।
নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমা সুরক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
