প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার যা কিছু করবে তা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতেই করবে এবং কোনো ধরনের গোপনীয়তা থাকবে না। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতভিন্নতা থাকলেও দেশের উন্নয়নই সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট স্বৈরাচারমুক্তির পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে এবং বিএনপি জনগণের পক্ষে স্বচ্ছ প্রস্তাবনা জমা দিয়েছে। অতীতে অন্য দলগুলো যখন সংস্কারের কথা বলতেও দ্বিধায় ছিল, তখন বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। এসব অবস্থা কাটিয়ে উঠতেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কম খরচে চাকরির সুযোগ তৈরিতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে এবং শিগগিরই সুখবর আসবে।
এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, বগুড়া বিমানবন্দরকে কার্গো পরিবহনের উপযোগী করে গড়ে তোলা হবে।
এর আগে দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তিনি ই-বেইলবন্ড কার্যক্রম, জেলা জজ আদালতের নতুন ভবন, বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন করেন।
