দেশের পানিসংকট নিরসনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে পানির সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই খালটি অতীতে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে প্রায় এক কিলোমিটার অংশ পুনরায় খনন করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করা সম্ভব হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি সরবরাহে সহায়ক হবে।
তিনি আরও জানান, খাল পুনঃখননের মাধ্যমে বন্যার সময় মানুষ, গবাদিপশু ও ফসল রক্ষা করা সহজ হবে। পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে খালের দুই পাশে বৃক্ষরোপণ ও মাছ চাষের সুযোগ তৈরি হলে কর্মসংস্থানও বাড়বে। এতে যুবসমাজের পাশাপাশি নারীরাও কৃষিভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।
খাল ও নদী ভরাট হয়ে যাওয়াকে পানিসংকটের অন্যতম কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ না হওয়ায় শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দেয়। তাই জলাধার পুনরুদ্ধারে খাল খনন অত্যন্ত জরুরি।
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এই উদ্যোগ সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
