কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ নাজির নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তার অট্টহাসির একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার রামচন্দ্রপুর-মুরাদনগর সড়কের রবি টাওয়ার সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাজির (৪০) উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা কাঁছারিকান্দি (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হকের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক কেনাবেচার সময় নাজিরকে আটক করেন। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর নাজিরের অস্বাভাবিক আচরণ ও অট্টহাসির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, “মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নাজিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
