জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট যমুনা নদীর পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি ও কৃষিজমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় ঘটেছে এই ঘটনা। ভুক্তভোগী কৃষক আরিফুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত জহুরুল ইসলাম সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে পাড় কেটে মাটি বিক্রি করছেন। পাশাপাশি নদীতীরবর্তী কৃষকদের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করা হচ্ছে।
এর ফলে স্থানীয় কৃষকদের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রমে বাধা দিতে গেলে কৃষকদের লাঞ্ছিত করা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে থানায়ও লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযুক্তকে না পাওয়া গেলেও একটি ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
