যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এর আগে সীমিত আকারে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ করিডোর চালু ছিল, সেটিও এখন থেকে বন্ধ রাখা হবে। অর্থাৎ ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং নির্ধারিত ফি পরিশোধ করে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা আর কার্যকর থাকবে না।
আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ সম্পূর্ণভাবে বন্ধই থাকবে। সংস্থাটির নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ার আশঙ্কা রয়েছে।
