দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে ইসরাইলের এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিহত সেনার নাম লিদোর পোরাত (৩১)। তিনি ইসরাইলের আশদোদ শহরের বাসিন্দা এবং ৭৬৯তম আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তবে কীভাবে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সংবাদ সংস্থা এএফপি-এর হিসাব অনুযায়ী, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ছয় সপ্তাহের সংঘাতে এখন পর্যন্ত মোট ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। যুদ্ধবিরতি শুরুর পরও দক্ষিণ লেবাননে এ নিয়ে অন্তত দুই ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে সর্বশেষ দফার সংঘর্ষ শুরু হয়। ওই দিন তেহরান-সমর্থিত হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইসরাইলে রকেট হামলা চালায়। এর জবাবে ইসরাইল বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে।
