যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মুখে আবারও হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৯ এপ্রিল) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধই থাকবে।
এর আগে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আংশিকভাবে প্রণালিটি খুলে দেওয়া হলেও সর্বশেষ ঘোষণায় আগের সেই অবস্থান থেকে সরে এসেছে তেহরান। একই সঙ্গে ‘নিরাপদ করিডর’ এবং নির্দিষ্ট ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুবিধা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ তুলে না নেবে, ততক্ষণ হরমুজ প্রণালিতে কোনো ধরনের জাহাজ চলাচল অনুমোদন করা হবে না।
আইআরজিসির নৌবাহিনী আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের দাবি, এই নৌপথ তাদের নিয়ন্ত্রণাধীন এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা খোলা হবে না।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে।
