জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন ঘোষিত দরে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি অভিযোগ করেন, এ ধরনের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে। ফলে খাদ্যসহ অন্যান্য পণ্যের মূল্য বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, শিল্প খাতেও এর বিরূপ প্রভাব পড়বে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়বে এবং বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। পাশাপাশি কৃষি খাতেও চাপ বাড়বে, কারণ সেচ, পরিবহন ও উপকরণের খরচ বৃদ্ধি পাবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানির দাম বাড়ানো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা উচিত।
