বিএনপি ক্ষমতায় এলে দেশে কেউ শান্তিতে থাকতে পারবে না, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সবার জীবন বিপর্যস্ত হবে। এমনকি সুন্দরী নারীরাও নিরাপদে রাস্তায় বের হতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করিম।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে ইসলামী আন্দোলন উপজেলা শাখা।
ফয়জুল করিম বলেন, চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। দেশের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি—বহু দল দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য দূর হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তনও আসেনি। ক্ষমতার পালাবদল নয়, প্রকৃত পরিবর্তন প্রয়োজন।
তার অভিযোগ—আওয়ামী লীগকে যে চাঁদাবাজি, দখলদারি ও ধর্ষণের প্রতিবাদে মানুষ ক্ষমতা থেকে সরিয়েছিল, সেসব অপরাধ এখনো বন্ধ হয়নি।
আজকের খবর/ এম. এস. এইচ.
