যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আগামী শুক্রবারের আগেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে আল-জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ভিত্তিতে তারা এই ধারণা করছে।
প্রথমত, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশালাকার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান অবতরণ করেছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’ পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিংও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টাব্যাপী ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
তবে পরবর্তী সময়ে উত্তেজনা বাড়লেও পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসাতে জোর তৎপরতা চালাচ্ছে।
