দেশে হামের সংক্রমণ কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। এর আগে গত ২ এপ্রিল হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়।
রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের কারণে বহু শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
এর আগে ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের জন্য হামের টিকা নিশ্চিত করার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, টিকার সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুরা হামে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে।
