কুষ্টিয়ায় স্বল্প সময়ের ব্যবধানে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার মধ্যে এই দুই শিশুর মৃত্যু ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা নামের আরেক শিশুও প্রাণ হারায়।
ইব্রাহিম দৌলতপুর উপজেলার বাসিন্দা চঞ্চল হোসেনের সন্তান। হামের লক্ষণ নিয়ে শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, শহরের রেনউইক এলাকার বাসিন্দা মমিনুর রহমানের মেয়ে আইজা চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আক্রান্ত শিশুদের মধ্যে একজন হামের পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছিল।
এদিকে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় শিশুদের হাসপাতালে আনা হচ্ছিল, ফলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। সর্বশেষ এই দুই মৃত্যুসহ জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার ভোরে আফরান নামের আট মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়, যিনি হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
