মার্কিন-ইসরায়েল যৌথ হামলার ৩৫তম দিনে পাল্টা প্রতিক্রিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (৩ এপ্রিল) ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে তেহরান।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
ইরানি সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি ছিল পূর্বপরিকল্পিত ও লক্ষ্যনির্ভর একটি অভিযান, যেখানে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনাকে টার্গেট করা হয়। হামলাটি ইসরায়েলের তেল আবিব শহরে সংঘটিত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে এ হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিরপেক্ষ বা স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও স্পষ্ট তথ্য প্রকাশ হয়নি।
এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের কয়েকটি শহরে আঘাত হানে। এতে রোশ হায়াইন, গিভাতায়িম, বেনি ব্রাক ও তেল আবিব এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণাঞ্চলের একটি শিল্প স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
