ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রুকে উদ্ধারে ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পাইলটকে খুঁজতে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ইতোমধ্যে ইরানের ভেতরে প্রবেশ করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে চালানো উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।
একটি প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে অংশ নেওয়া ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
এছাড়া অভিযানে থাকা দুটি মার্কিন হেলিকপ্টারের একটিতেও ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। তবে হেলিকপ্টারটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
এদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই বিমানের একজন পাইলটকে উদ্ধার করা গেলেও অপরজন এখনও নিখোঁজ রয়েছেন।
এই নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে ইরানও তল্লাশি অভিযান শুরু করেছে। তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দিয়েছে দেশটি।
বিশ্লেষকদের মতে, এই উদ্ধার অভিযান এখন দুই পক্ষের জন্যই বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
