পেরুর রাজধানী লিমার আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে ফুটবল ডার্বির আগে এক রহস্যজনক ঘটনায় অন্তত ১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো জানান, স্টেডিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এতে বহু মানুষ আহত হন এবং একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
প্রাথমিকভাবে স্টেডিয়ামের কোনো অংশ ধসে পড়ার আশঙ্কা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করেছে। আলিয়ানজা লিমা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুর কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।
একই বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগও। সংস্থাটির প্রধান মার্কোস পাজুয়েলো জানান, স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির কাঠামো অক্ষত রয়েছে এবং কোথাও ধসের ঘটনা ঘটেনি।
এদিকে পেরুভিয়ান ফুটবল লিগ জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আলিয়ানজা লিমা ও ইউনিভার্সিতারিও দে দেপোর্তেসের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
