নারায়ণগঞ্জর রূপগঞ্জে জানুয়ারি মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, প্রতিষ্ঠানটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনও পাননি। যদিও কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করে সড়ক অবরোধ করেন।
তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষের দাবি—ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন পরিশোধ সম্ভব হয়নি। আগামী সোমবারের মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বস্ত করেছে।
বর্তমানে শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে।
