কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণার পর সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে Qatar Airways। বিমান সংস্থাটি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, কাতারি আকাশপথ বন্ধ থাকায় তাদের কোনো উড়ান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এই সিদ্ধান্তের ফলে দেশীয় ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংস্থাটি যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিজস্ব ওয়েবসাইট ও কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে টিকিট পুনঃনির্ধারণ বা ফেরত সংক্রান্ত সহায়তা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রভাব ইতোমধ্যে আকাশপথে পড়েছে। একাধিক দেশ আকাশসীমা বন্ধ বা সীমিত ব্যবহারের ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজকের খবর/ এম.এস.এইচ
