ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জোট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে বিরোধী অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া জামায়াতের আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘আমরা ইনশাআল্লাহ ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব।’
একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের কর্মকাণ্ডে নজরদারি রাখতে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ মন্ত্রিসভা মূলত ওয়াচডগ হিসেবে কাজ করবে।
এ ছাড়া ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান) তার ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের বিষয়টি উল্লেখ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে শক্তিশালী বিরোধী ভূমিকা পালনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হতে পারে।
