ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। আটক নুরু মৃধা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়িবহরে বাধা দেন। প্রায় ৩০ মিনিট ধরে তিন থেকে চারটি গাড়ি সড়কে আটকে রাখা হয় এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা একপর্যায়ে হুমকির মুখে অসহায় অবস্থায় পড়েন। এ সময় প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া ও সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
