আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আলোচনা করতে জরুরি বোর্ড সভা ডেকেছে সংস্থাটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। প্রতিবেদনে বলা হয়, আইসিসির এই জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় পাকিস্তানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় আসতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এমন সিদ্ধান্তে টুর্নামেন্টের সূচি ও সম্প্রচারে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে আইসিসি দ্রুত সিদ্ধান্ত নিতে তৎপর হয়েছে।
