দেশজুড়ে আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি ১ মে পর্যন্ত বেশি সক্রিয় থাকলেও এরপর বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী দিনগুলোতেও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বজায় থাকতে পারে।
তবে ২ মে থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসার পাশাপাশি তাপমাত্রা আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
