প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সংযোজন কার্যক্রম শুরু হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে।
দেশের সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে পরিচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক উৎপাদনের আগে চুল্লিতে জ্বালানি সংযোজনকে চূড়ান্ত প্রস্তুতি ধাপ হিসেবে ধরা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শেষে আগামী আগস্ট নাগাদ জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।
