পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক অংশীদার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই ধাপে পৌঁছানোকে দেশের প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, রূপপুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এখন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারকারী দেশের কাতারে যুক্ত হয়েছে। প্রকল্পটির আওতায় দুটি ভিভিইআর-১২০০ ইউনিটের মাধ্যমে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
বক্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা হয়েছে। ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদন শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পটির ইতিহাস তুলে ধরে জানানো হয়, ১৯৬১ সালে এর ধারণা আসে এবং বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।
এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও রাশিয়ার সহযোগিতায় প্রকল্পটির নিরাপত্তা, প্রযুক্তিগত মান এবং মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে শতাধিক বাংলাদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞ এ প্রকল্পে কাজ করছেন এবং আরও দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে বড় অবদান রাখবে এবং এটি দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রতিষ্ঠিত হবে।
