পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০, উপ-পরিদর্শক (নিরস্ত্র) ৪ হাজার এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যের পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭ এবং আউটসোর্সিংভিত্তিক নন-পুলিশ পদ ২ হাজার ৭৬২টি। নতুন এই পদ সৃষ্টির মাধ্যমে বাহিনীর জনবল আরও বাড়ানো হবে।
তিনি আরও জানান, বর্তমানে ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এসব মামলায় হত্যা ঘটনায় ৬০৪ জন এবং ধর্ষণের ঘটনায় ৫৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন জামিনে মুক্তি পেয়েছেন।
গুরুতর এসব অপরাধে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। যথাযথ প্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।
